#কুনজর
#কুনজর
👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰👨🦰
নব্বইয়ের দশকের মাঝামাঝি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সেই বছরের, পরীক্ষার্থীদের চাপ শেষ। সেই সময় এত পাশবিকতা ছিল না, যে পরীক্ষার পরদিন থেকেই ছাত্রছাত্রীদের আবার তিনরকম পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হতো। কাজেই হাতে অফুরন্ত সময় আর মনে অফুরন্ত আনন্দ।
মফঃস্বল শহরে একই সাথে, একই স্কুল থেকে মাধ্যমিক দেওয়া একদল ছাত্র খেলাধুলা, আড্ডা সবই একসাথে একমাঠে চলতো।
যৌবনের হাতছানি ঐ সকল ছেলেদের মধ্যে তখন। কেউ কেউ তো জীবনসঙ্গীনী পর্যন্ত মনোনয়ন করে ফেলেছে, অবশ্য কারো সেই কথা বিশেষ মানুষটিকে জানানো হয়েছে, কারো জানানো হয়েও ওঠেনি।
ওদের ঐ আড্ডার ঠেকে ওদের থেকে বয়সে বড় এক দাদা যোগ দিত মাঝে মাঝে, এখানে নাম উল্লেখ করছি না তবে ঠেকে বড়দা নামেই বিখ্যাত তিনি।
এখন ঐ মীরাক্কেলে যে রকম পারফরম্যান্স দেখেন মোটামুটি সেরকমই কাছাকাছি তার গল্প এবং সেই গল্প বলাতে একটা স্বকীয়তা ছিল। থ্রি-ইডিয়েটসে চতুর রামলিঙ্গম যে বাতকর্মের বর্ণনা স্টেজে দাঁড়িয়ে করেছিল বড়দা ঐ সময় ওরকমই একটা বাতকর্মের বর্ণনা করত। মন দিয়ে শুনতে বাধ্য করত ওর বাচন ভঙ্গির মাধ্যমে এবং মনে হত দূর্গন্ধ নির্গত হচ্ছে সেই স্থানে।
সকলেই জানতো বড়দা যেগুলো ছড়িয়ে বাজার গরম করছে সেগুলো একশ ভাগ ঢপ কিন্তু ঐ গল্প বলার কায়দাতে সেগুলো হাঁ করে গিলত ছেলেগুলো। বড়দা যেদিন ঠেকে এসে সকালের দিকে বসল সেদিন কখন যে দুপুর দুটো বেজে যেত টের পেত না ছেলের দল। সবচেয়ে সুবিধা হত বড়দা যে শনিবার আসত। মেয়েদের স্কুল যাওয়া আসার রাস্তায় ওদের বসার রক। দশটায় স্বপ্নসুন্দরীরা যাবে সেটা দেখা যেমন অবশ্য কর্তব্য ছিল এদের তেমন যদি ছুটির সময়েও দেখা যেত! বড়দা শনিবার এলে এই আশাটি পূরণ হয়ে যেত, মেয়েদের স্কুল শনিবার দেড়টাতে ছুটি।
শহরের পশ্চিম দিক থেকে একটি সুন্দরী তনয়া স্কুল যেত, গায়ের রং কাঁচা সোনা, শরীরে গড়নে সাধারণ গড়পরতা স্কুলের মেয়েদের থেকে বয়সে একটু বেশী বড় মনে হত, কাজেই যৌবনও বেশী পরিস্ফুট। ঐ সুন্দরী তনয়ার হেঁটে যাওয়া দেখতে রকের পুব দিকে পিছন করা বসা বারান্দায় বসার জন্য ঠাসাঠাসি চলত। ঐ বারান্দায় বসলে অনেকটা দূর থেকে তাকে হেঁটে আসতে দেখা যেত।
ঐ সকালে দশটার সময় বারান্দার ঐ দিকটা অবশ্যই হট সিট।
এরকমই একদিন বড়দা এসে হাজির তখন নটা চল্লিশের আশপাশে, যেহেতু ঐ সময় পুবদিকে পিছন করা বসার সব সিট ফুল বড়দা বাধ্য হল মুখোমুখি পশ্চিমে পিছন করে বসতে। যদিও বয়সে বড় হওয়ায় বড়দার সঙ্গে আড্ডা চললেও সেটা কখনোই যৌনতা নিয়ে হত না। এমনকি বড়দার সামনে বিড়ি জ্বালানো চললেও কোন মেয়েকে জ্বালাময়ী চোখে দেখার অনুমতি ছিল না। ঐ সময় ওখানে বসে ঐ সুন্দরী তনয়ার হেঁটে যাওয়ার দৃশ্য দেখাই যে মূল উদ্দেশ্য সেটাও বড়দা জানত না।
একটা বিড়ি বার করে, সেটা ধরিয়ে একটা সুখটান দিয়ে বড়দা সকলের অনুরোধে নতুন ঢপের ঝাঁপি আস্তে আস্তে খুলছে। সবাই এক মনে বড়দার বচন শুনছে।
দশটা দশ তখন হবে হয়তো দূরে দেখা গেছে সুন্দরীর আগমনী, আস্তে আস্তে সুন্দরী হেঁটে আসছে, সবার চোখ ও মন সরে গেছে বড়দার মুখ ও গল্প থেকে। ছেলেদের মনে অন্য স্বপ্ন জাল বুনছে, চোখে নতুন কিছু দেখার তীব্র বাসনা!
মেয়েটি ঠেকের বারান্দা অতিক্রম করে চলে যেতেই সকলের সম্বিত ফেরে। বড়দা গল্প থামিয়ে দিয়েছে প্রায় অর্ধ মিনিট, কারও সেদিকে খেয়াল নেই! বড়দাও আশ্চর্য কি এমন আকর্ষণ যে তার গল্পকেও হারিয়ে দিল। যে গল্প শুনতে ছেলেগুলো নিজেদের জলখাবার খাওয়া ভুলে যায় আজ সেই গল্প থেমে গেছে অথচ তাদের কোন খেয়াল নেই!
বড়দা চেপে ধরল সবকটাকে বলতেই হবে ঐ এক দেড় মিনিট সময় তারা কোথায় খরচ করল, কি এমন দেখল যে জগৎ ভুলে গেল!
বাধ্য হয়ে ছেলেরা সত্যি কথা স্বীকার করল। ঐ সুন্দরী তনয়ার প্রতি যে প্রত্যেকেই আসক্ত সেটাও বলতে বাধ্য হল বড়দার কঠিন জেরায়।
এরপর বড়দা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে দিল এখানে আর আসা যাবে না, তোরা খারাপ হয়ে যাচ্ছিস। তবে যাওয়ার আগে, হ্যাঁ, যাওয়ার আগে ঐ মেয়েটি সম্পর্কে একটা কথা বলে যাই তোদের। মেয়েটিকে আমি চিনি, এবং ওকে একদিন এক ডাক্তারের চেম্বারে দেখেছিলাম, ওর পেটের সমস্যা আছে, ওর পায়খানা পরিস্কার হয় না, কিন্তু যখন হয় তখন একেবারে জলের মতো। বড়দার নিজস্ব স্বকীয়তায় মেয়েটির ত্যাগ কর্মের নিখুঁত বিবরণ বড়দা ছবির মতো তুলে আনল ছেলেদের চোখের সামনে। সেদিনের মতো আড্ডা শেষ হল।
এরপর ছেলেদের মনে যখনই ঐ সুন্দরী তনয়া উঁকি দিত তখনই তার সাথে তার ত্যাগের দৃশ্যও ভেসে উঠত ওদের মনে। আর বাকি স্বপ্নেরও ইতি ঘটত এর সাথে। নাঃ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো পর্যন্ত আর ঐ পুব দিকে পিছন ফিরে বসার বারান্দায় বসার জন্য সকালে ঠাসাঠাসি হত না।
🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️🖇️
✒️দেবপ্রিয় প্রামানিক ।
Comments
Post a Comment