#নীলডাউন


#নীলডাউন
***********************
দেবাশিস, রমেন ও অসীম অষ্টম শ্রেণীর এই তিন ছাত্রই প্রধান চরিত্র এই গল্পের, সাথে অবশ্যই ওদের স্কুলের প্রধান শিক্ষক সুমন বাবু। গল্পের সময়কাল নব্বইয়ের দশকের শুরুতে, স্থান পশ্চিমবঙ্গের এক বনেদি সাংস্কৃতিক শহর।
মিতভাসী ও গম্ভীর সুমন বাবুর দাপটে শহরের এই স্কুল জেলার মধ্যে বিখ্যাত। ছাত্ররা বেশ সমঝে চলত প্রধান শিক্ষককে। অকারণে কেউ ওনাকে বিরক্ত করুক পছন্দ করতেন না উনি। এমনকি সহ শিক্ষকরাও সচরাচর ওনাকে বিরক্ত করতেন না।
একদিন টিফিনের সময় দেবাশিস ও রমেন স্কুলের পিছনে মাঠে বসে গল্পে মশগুল এমনসময় ক্লাসের অন্যতম বিচ্ছু ছেলে অসীম এসে ওদের বিরক্ত করতে থাকলো, কখনো দূর থেকে ইঁট ছুঁড়ে, কখনো পাশে এসে ধুলো উড়িয়ে, এরকম করতে করতে হঠাৎ ছুটে এসে অসীম ডান পা তুলে দেবাশিসকে লাথি মারতে উদ্যত হল, দেবাশিস ক্ষিপ্রতার সাথে হাত বাড়িয়ে ওর বাঁ-পাটা টেনে দিতেই অসীম ভূপাতিত, বেশ জোরে পড়েছে মাটিতে, অসীমের লেগেছে পিঠে ও মাথায়।
অসীমের যত লেগেছে তার থেকে বেশী অভিনয় করছে ব্যাথা পাওয়ার, কাঁদতে কাঁদতে প্রধান শিক্ষক তথা সুমন বাবুর কাছে অভিযোগ জানাতে চলল অসীম। দেবাশিস ও রমেন জানে সুমন বাবুর কাছে অভিযোগ গেলে আজ ওদের হাতে বেতের প্রহার নিশ্চিত। এর আগে অন্যান্য বদমাইয়েশি করার জন্য ঐ বেতের স্বাদের অভিজ্ঞতা আছে দুজনেরই।
দেবাশিস ও রমেন ভয়ে ফাঁকা ক্লাস ঘরে আশ্রয় নিল। ওদের ক্লাসের তিনতলার ঘর থেকে নীচে প্রধান শিক্ষকের ঘরের দরজা দেখা যায়। জানালা দিয়ে নজর রেখেছিল দুজনেই অসীম ঐ ঘরে ঢোকার পর থেকে।
পর্দা সরে গেল হাস্যমুখে অসীম বেরিয়ে উপরের দিকে তাকাতেই চোখাচোখি হল ওদের সাথে অসীমের। অসীম ইশারাতে বোঝাল এবার ওদের কপালে বেত্রাঘাত নাচছে।
অসীম ক্লাস ঘরে বীরদর্পে এসে ওদের উদ্দেশ্যে বলল -"চল তোদেরকে হেড স্যার ধরে নিয়ে যেতে বলেছেন, এবার দ্যাখ কেমন মজা" হতাশ ও নিজেদের সম্যক বিপদ বুঝে অসীমের কথায় প্রতিবাদ না করে উঠে দাঁড়াল দুজনে এবং যাবার জন্য প্রস্তুত হল। রমেন দেবাশিসের হাতটা টেনে হঠাৎ থামিয়ে দিয়ে অসীমকে জিজ্ঞেস করল -"তোকে হেড স্যার ঠিক কি বলেছেন? ", অসীম উত্তেজিত হয়ে বলল -"বললাম তো! হেড স্যার তোদের ধরে নিয়ে যেতে বলেছেন"।
রমেন তখন দেবাশিস কে বলে উঠল -"আমাদের হেড স্যার যেতে বলেননি, বলেছেন ওকে, আমাদের ধরে নিয়ে যেতে, মার ওকে দেখি ও আমাদের কেমন ধরে নিয়ে যেতে পারে!" দুজনের হাতে আবার উত্তম-মধ্যম খেয়ে অসীম প্রধান শিক্ষকের ঘর পানে দৌড় দিল। রমেন দেবাশিসকে বোঝাল -"একবার মারলেও হেড স্যার মারতেন, দু-বার মেরেছি তাতেও হেড স্যারের মার খেতে হবে, তাহলে দু-বার মেরেই মার খাওয়া ভালো".......
দেবাশিস ও রমেন জানালা দিয়ে নজর রাখছিল নীচে প্রধান শিক্ষকের দরজাতে, আবার পর্দা সরল অসীম বেরিয়ে এল, মাথাটা একবার উপর দিকে তুলে অসহায় ভাবে জানালার দিকে তাকিয়ে নীলডাউন হয়ে দরজার সামনে বসে পড়ল!
ঢং ঢং করে টিফিন শেষের ঘন্টা পড়ে গেল, সব ছেলে ক্লাসে ফিরে এল কিন্তু অসীম তখনও প্রধান শিক্ষকের দরজার সামনে নীলডাউন হয়ে আছে। টিফিনের পরের ক্লাসে আবার নাম প্রেজেন্ট হত, অসীমের নাম ডাকতেই দেবাশিস ক্লাসের স্যার কে জানাল অসীম হেড স্যারের ঘরে, কেন, কি করছে অত বলল না, অবশ্য ক্লাসের স্যারও জিজ্ঞেস করেননি।
ক্লাস চলছে আর উৎকন্ঠা বাড়ছে রমেন ও দেবাশিস দুজনেরই।
ক্লাস শেষ হল, বিদায় নিলেন স্যার, তার কয়েক মিনিট পরেই অসীম ঢুকলো ক্লাসে এবং চুপচাপ বসে পড়ল নিজের জায়গায়। দেবাশিস ও রমেন উঠে গিয়ে পরম বন্ধুর মত অসীমের পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করল -"পরের বার যখন গেলি হেড স্যার কি বললেন?" অসীম হতাশ ও কাঁদো কাঁদো হয়ে উত্তর দিল -"বললেন ক্লাসে গেলে যখন তোকে বার বার মারছে তখন ক্লাসে যেতে হবে না, আমার ঘরের বাইরে এই ক্লাসের শেষ পর্যন্ত নীলডাউন হয়ে বসে থাক।"....

✒️দেবপ্রিয় প্রামানিক।

Comments