#দাদা_জিতবো_তো?

#দাদা_জিতবো_তো?
🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
মেয়েটির সাথে হঠাৎ দেখা, শ্যামবর্ণা, ছিপছিপে, চোখমুখ ভীষন সার্প... এককথায় সুন্দরী।
নৌকায় উঠতে অভ্যস্ত নয় মেয়েটি, তারপর এই সুন্দরবনের দিকের নদীতে ভাঁটার সময় জল একেবারে নীচে নেমে যায়, নৌকাটা ছেড়ে দিলে আবার পনেরো মিনিট পর নৌকা, তারমানে চাকরির খাতায় লেট অবধারিত, একপ্রকার বাধ্য হয়েই হাতটা বাড়িয়ে দিলাম, হতভম্ব মেয়েটি সংকোচ ছেড়ে হাতটা ধরে নৌকায় উঠে এল।
ঝকঝকে হেসে ধন্যবাদ দিয়ে বলল আজই চাকরির প্রথমদিন, জেলা সদরে জয়েন অবশ্য গতকাল করেছে আজ থেকে এই গ্রামীণ হাসপাতালে ডিউটি, মেয়েটি সরকারের গ্রামীণ হাসপাতালের নার্স।
সরকারি চাকরি এদিক ওদিক বদলি তো হতেই হবে। আপাতত এই সব রকম যানবাহন চড়তে চড়তে পৌঁছনো সুন্দরবন লাগোয়া এই গ্রামে বছর তিনেক।
মাঝে মাঝেই দেখা হত মেয়েটির সাথে। দাদা বলে ডাকে, কয়েকজন যদিও আমার সাথে ওর ভাব দেখে একটু টেরিয়ে তাকায়, কিন্তু সত্যি বলতে কি আমার বেশ একটা পথচলতি বোন জুটে গেছিল।
ট্রেনে কখনও দুর থেকে আমাকে দেখে দুটো পেয়ারা কিনতো। আমিও একটা চা খেয়ে দুটো চায়ের দাম দিয়ে চা ওয়ালা ছেলেটিকে ওর কাছে পাঠিয়ে দিতাম।
চা ওয়ালা ছেলেটি জেনে গেছিল ও আমার বোন। অন্য ট্রেনে ও গেলেও ওর থেকে চায়ের দাম নিত না,ওকে বলতো আপনার দাদা দিয়ে দেবেন।
আমরা যারা পেটের তাগিদে চাকরী করতে ডেলিপ্যাসেঞ্জারী করি একটু দূরের পথ, তাদের এরকম দাদা, ভাই, বন্ধু ট্রেনে, বাসে নৌকাতে জুটেই যায়।
হ্যাঁ, যে প্রশ্নটা কারো কারো করতে ইচ্ছে করছে সেটাও জোটে, বহু মানুষ ডেলী প্যাসেঞ্জারীর পথেই জীবন সঙ্গীনী খুঁজে নিয়েছেন।
বেশ কিছুদিন আগে মেয়েটির সাথে দেখা ট্রেনেই। মেয়েটি নিজের ডিগ্রী একটু বাড়িয়ে নিয়েছে এবং বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়েছে। বেশ খুশি লাগলো ওকে। সাথে জুটলো ওর বিয়ের নিমন্ত্রণ। যদিও ওর বিয়েতে গিয়ে ওঠা হয়নি, ওর বাড়ির দূরত্বের কারণে।
মাঝে কয়েক বছর কেটে গেছে একটা ফুটফুটে মেয়ের মা এখন ও। মাঝে মাঝে ফোনে, সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ অবশ্য আছে।
যবে থেকে ভারতে তথা আমাদের বাংলাতে মারণ রোগের তান্ডব শুরু হয়েছে ওকে অনলাইন দেখিনি, আমার ম্যাসেজ সেন্ডও হয়নি ওর মোবাইলে। একটা টেনশন হচ্ছিল গত কয়েকদিন থেকে। ফোন করেছিলাম যেদিন প্রথম এই মারণ রোগের রোগীটার সন্ধান পাওয়া গেল কিন্তু সুইচ্ অফ মোবাইলের ।
আজ দেখি ম্যাসেন্জারে মেয়েটি অনলাইন, জিজ্ঞেস করলাম কোথায় আছো? কেমন আছো?
উত্তর এল কয়েক মিনিট পর,
দাদা বেঁচে আছি, দাদা আমি এখন বেলেঘাটা আইডি তে পোষ্টিং, মৃত্যুর হাত থেকে মানুষকে ছিনিয়ে আনার চেষ্টা করছি!
দাদা আমরা জিতবো তো?
কি উত্তর দেব, তাই ভাবতে ভাবতেই দেখি সবুজ বাতিটা নিভে গেল।
হ্যাঁ রে বোন, তোদের তো জিততেই হবে, তোরা না জিতলে আমাদের আর কখনও ট্রেনে বাসে নৌকায় চড়ায় হয়তো হবে না।
এই যুদ্ধের ময়দানে তোরাই তো সবার আগে, অদৃশ্য শত্রুর সামনে।
✒️দেবপ্রিয় প্রামানিক।

🚫লেখাটি কাল্পনিক 🚫

Comments