#হাত_ছেড়োনা_বন্ধু



#হাত_ছেড়োনা_বন্ধু
👻👻👻👻👻👻👻👻
আমি চাকরী করতাম সোনাদা ব্লকে। ক্লার্কের চাকরী, কাজেই অফিসের বাইরে যাওয়ার দরকার হতো না। সবার সাথে জানাশোনার সুবাদে বড় অফিসারদের গাড়িতে আমার দার্জিলিঙের সরকারি কোয়ার্টার থেকে সরকারি গাড়িতেই অফিস যাতায়াত চলতো।
ছয় বছর এই পাহাড়ে পোষ্টিং থাকতে থাকতে পাহাড় কে অন্যভাবে ভালোবেসে ফেলেছি।
আমার বাড়িতে আমার বৌ ও আমাদের আট বছরের মেয়ে রয়েছে।
মেয়েটা খুব ছটফটে ছিল কিন্তু এখন কেমন যেন অন্যমনস্ক থাকে। আমার একদম ভালো লাগে না ওর এই উদাসীনতা, মন খারাপ আমারও।
পাহাড় বর্ষায় যেন সবুজে মুড়ে যায়, দুচোখ সবুজে সবুজ দেখতে দেখতে জুড়িয়ে যায়।
খুব কম টুরিষ্ট আসে এই সময় দার্জিলিং, কিছু প্রকৃতি প্রেমিক অবশ্য আসে, হোটেলের ভাড়াও এই সময় কম থাকে। বিকেল শেষ হলেই ঝুপ করে আঁধার নেমে আসে, মেঘলা থাকলে অবশ্য সারাদিনই সন্ধ্যা মনে হয়।
এমনই মেঘলা দিন ছিল আজ, ছোট্ট টুপুর সাথে ওর পনেরো বছরের দাদা, মা ও বাবা কদিন থেকেই দার্জিলিং এসেছে কিন্তু মেঘ বৃষ্টির উৎপাতে ওদের কিছুই দেখা হয় নি।
আজ টুপুরের বাবা একপ্রকার জোর করেই এক নেপালী ড্রাইভার কে বেশী টাকার লোভ দেখিয়ে রক গার্ডেন নিয়ে যেতে রাজী করিয়েছে। রক গার্ডেন গিয়ে টুপুর খুব খুশি, ওর দাদার সাথে ছোটাছুটি হুটোপুটি করে সময় কাটছে, মাঝে মাঝে বৃষ্টি এলে আশ্রয় নিচ্ছে কোনো শেডের নীচে।
ওর বাবা সুমিত্র র একটু ফটো তোলার নেশা, ক্যামেরা নিয়ে ওদের থেকে একটু উপরে উঠে ছবি তোলার চেষ্টা করছে। সুমিত্র দেখলো আর একটু উপরে উঠে একটা বেরিয়ে থাকা পাথরের উপর উঠতে পারলে ঝরনার একটা দূর্দান্ত ভিউ পাওয়া যাবে। দেরী না করে সুমিত্র বেশ কষ্ট করে উঠে পড়লো পাথরটার উপর।
আমার খুব রাগ হয় এই সখের ফটোগ্রাফারদের উপর, এরা পাহাড়, নদী এদের রুদ্র রূপ সম্পর্কে কিছু না জেনেই রিস্ক নেয় কয়েকটা ছবি তোলার জন্য। সুমিত্র ভাবতেও পারেনি ওর জন্য কি বিপদ অপেক্ষা করে আছে।
দুটো ক্লিক করার পর সাটারের আওয়াজ ছাড়াও একটা আওয়াজ হলো।
বৃষ্টি তে ভেজা নরম মাটি পাথর ও সুমিত্রর ওজন একসাথে নিতে পারলো না। পাথর গড়িয়ে গেল কয়েকশো ফুট খাড়া খাদের দিকে।
সুমিত্রর হাতটা তখন আমার হাতের মুঠোয়। ও মাটি কাদা তে মাখামাখি হলেও অক্ষত অবস্থায় শক্ত মাটিতে এসে দাঁড়িয়েছে। থরথর করে কাঁপছে ওর শরীর টা। ও যত না ভয় পেয়েছে পাথর গড়িয়ে যাওয়ার জন্য তার থেকেও বেশী ভয় পেয়েছে আমার হাত ধরে।
আমাকে তো এখন আর দেখা যায় না, আমি তো দিন কুড়ি আগে এরকমই এক মেঘলা সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় মানুষের দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ পেয়েছি। আসলে আমার গাড়ির ড্রাইভার তাড়াতাড়ি দার্জিলিং ফিরতে গিয়ে গাড়ি সমেতে খাড়া খাদে নামিয়ে দেয়। ও নিজে লাফ দিয়ে প্রাণ বাঁচালেও আমি বাঁচতে পারিনি।
আমার মেয়েটাকে দেখি আমার ছবির সামনে বসে কাঁদে, আজ আমার মন একটুখানি ভালো হলো......
টুপুরকে ওর বাবার ছবি দেখে কাঁদতে হবে না।
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
✒️দেবপ্রিয় প্রামানিক ।

Comments