টিক_টিক⌚
টিক_টিক
⌚⌚⌚⌚⌚⌚⌚
তখন বয়স একুশ বা বাইশ, সবে গ্র্যাজুয়েট হয়ে দু একটা টিউশনি করি। পকেট প্রায় সবসময়ই গড়ের মাঠ, তবে বাবার হোটেলে খাওয়া থাকার ব্যবস্থা মন্দ নয়। সাথে এদিক ওদিক ঘুরে বেড়ানোর অগাধ সময়।
হেঁটে হেঁটে ক্যালকাটা (তখনও কোলকাতা নয়) চেনার চেষ্টা। স্কুল কলেজ জীবন মফঃস্বল শহরে কাজেই তখন কোলকাতার পাশের শহরে নতুন আসা এবং থাকা।
আশেপাশে পরিচিত কিছু থাকলেও বন্ধু সেভাবে কেউ নেই। পাড়ার সবাই কে মুখ চিনলেও অনেকেরই নামও জানি না।
আমার ছোটবেলা থেকে এখনও পর্যন্ত সবচেয়ে প্রিয় যে বস্তুটি সেটি আমার লাল হারকিউলিস সাইকেল। ওটা নিয়েই দিনে দুবার ছাত্র পড়াতে যাওয়া, একবার বাজার যাওয়া এই সব চলতো। আর চলতো ট্রেন ধরে কোলকাতা গিয়ে কম্পিউটার শেখা।
হ্যাঁ, প্রেম তখনও করতাম কিন্তু প্রেমিকা অনেক দূরের পিতৃগৃহ আলোকিত করে তখন কলেজে পাঠরতা। কাজেই রোজ দেখা করা বা ফোন করার বিলাসিতা তখন সম্ভব ছিল না।
রাস্তায় যেতে আসতে যে পাড়াতে থাকতাম সেই পাড়ার একটি মেয়ের সাথে মাঝে মাঝে দৃষ্টি বিনিময় হতো।
মেয়েটি সুন্দরী নয় তবে সুশ্রী, কথা হতো না মুখে কিন্তু যেন অনেক কিছুই বলতে চাইতো চোখে। বেশ সেজেগুজে কোথাও যেত, ভাবতাম কলেজে পড়াশোনা করে হয়তো।
চোখে কথা বলা মেয়েদের প্রতি আমার ছোটবেলা থেকেই একটা দূর্বলতা আছে। আমি ব্যপারটা কে উপভোগ করতাম। ভালো লাগতো রাস্তায় হঠাৎ ঐ চাহনি দেখতে, মন চাইতো, মুখে নয় শুধু চোখেই ওর কথা শুনতে।
একদিন একটা ঘড়ি, মানে হাত ঘড়ি কিনবো ঠিক করলাম, নিজের কিছু টাকা জমেছে কিন্তু সেটা দিয়ে পুরোনো ঘড়ির ব্যাটারী পাল্টানো যাবে কিন্তু নতুন সোনাটা ঘড়ি কেনা অসম্ভব। কাজেই যে হোটেলে থাকি খাই সেই বাপের হোটেলের মালিকের শরণাপন্ন হলাম। অবশ্য এটা নতুন কিছু নয়, ওনার শরণাপন্ন আমি জন্ম থেকেই।
সোজা কথায় বাবা কে নিয়ে চললাম টাইটন শো রুমে সোনাটা ঘড়ি কিনতে।
শোরুমে ঢুকে সোনাটা ঘড়ির কাউন্টারে গিয়ে দেখি আমার সেই দৃষ্টি বিনিময়কারিনী।
যাকে আমি কলেজ পড়ুয়া ছাত্রী ভাবতাম সে তখন কাউন্টার সেলসে চাকরী করে। আমি বরাবরই চাকরী বা নিজে কিছু করা মেয়েদের প্রতি একটু বেশী আকৃষ্ট। কারণ অনেক, এক তো নিজের শিক্ষাটাকে সে কিছু কাজে তো লাগাচ্ছে, দুই বিপদে সংসারে তার কিছু আর্থিক অবদানও সে রাখতে পারে। কাজেই আমার দৃষ্টি নয় মনটাকেও সে বেশ আকৃষ্ট করলো, আমি ঘড়ি দেখতে থাকলাম সে দেখাতে থাকলো। বাবা একটু এদিক ওদিক করতে করতে একটু দূরে যেতেই আমি তার চোখে চোখ রেখে আমার বাজেট বলে দিলাম, আর আমার কব্জি সাজানোর দায়িত্ব তাকেই দিলাম অর্থাৎ ঘড়ি টা তার পছন্দ মতো বেছে দিতে বললাম......
ব্যাস ঘড়ির সাথে অনেক ভালোলাগা নিয়ে বাড়ি ফেরা! তারপর আস্তে আস্তে আমাদের বাড়ি বদল, ব্যাস্ততা ইত্যাদির পাকে চক্রে দৃষ্টি বিনিময় সাপ্তাহিক থেকে মাসিক, মাসিক থেকে বাৎসরিক। এলো মোবাইল যুগ, ঘড়িটাও তো টেবিলের উপর থেকে শোকেসে, সেখান থেকে আলমারিতে ঠাঁই নিয়েছে।
এখন হয়তো আর টিক-টিকও করে না। হঠাৎ এরকম উঁকি দেয় স্মৃতি থেকে, তখনই আবেগ হয়ে উপছে পড়ে কীপ্যাডের মাধ্যমে।
⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳
✒️দেবপ্রিয় প্রামানিক ।
Comments
Post a Comment