#কুপন


#কুপন
🍚🍗🍚
পাড়ার অন্যতম পেটুক ছেলে পটলা, আশেপাশের এলাকা জুড়ে বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, পৈতে কিছুই ছাড়ে না। নিমন্ত্রণ পেলে বা মাঝে মাঝে না পেলেও গিয়ে খাবে এক্কেবারে গলা পর্যন্ত, এই বাজারেও সাত-আটশো খাসীর মাংস প্যাঁদানোর পরেও গোটা কুড়ি রসগোল্লা যে পেটের কোনখানে রাখে তা একমাত্র ঈশ্বরই জানেন। শুধু এই পর্যন্ত হলেও ওর বন্ধু বান্ধবদের শান্তি বিঘ্নিত হত না। সপ্তাহে একটাও অনুষ্ঠান বাড়ি না পেলেই বন্ধুদের থেকে জোরজুলুম করে খাওয়ার চেষ্টা। কোন বন্ধু যদি মোবাইলে একটা নতুন কভার লাগায় ব্যাস পটলা দাবি করে বসে "কি বে নতুন কভার লাগালি, আমাদের গোটা চারেক সিঙারা খাওয়াবি না!"
ভাদ্র, চৈত্র আর পৌষ মাসে বিশেষ নিমন্ত্রণ বা খাওয়ার অনুষ্ঠান হয় না, ঐ তিনমাসে কবে কোন বন্ধুর জন্মদিন পটলার মুখস্থ। পটলাকে না খাইয়ে বন্ধুদের নিস্তার নেই। তবে কেউ কখনও পটলাকে কোন দোকানে, হোটেলে এমনকি চায়ের দোকানেও নিজের পয়সায় খেতে দেখেনি। আর অপরকে পটলা খাইয়েছে এমন বদনাম পটলাকে কেউ দিতে পারবে না।
পটলার বন্ধুরা সকলেই ছোট বড় চাকরী বা ব্যবসা করে, পটলাও পৈতৃক ব্যবসায় যুক্ত, সেই অর্থে বেকার কেউ নেই, একমাত্র বেকার ছিল রমেন।
রমেন পুজোর পর থেকে বন্ধু বান্ধবদের থেকে কিছু ধার নিয়ে, পাড়ার এক কাকুর ফাঁকা গ্যারেজ ভাড়া নিয়ে একটি খেলাধুলার সামগ্রীর দোকান করছে। বৈশাখ মাসের এক তারিখ সকালে দোকানে পুজো করে দোকান উদ্বোধন করছে রমেন।
সকালে পুজোর সময় যারা ছিল তাদের একটা করে মিস্টি ও প্রসাদ দিয়েই দোকান চালু করেছে রমেন। রমেন ঠিক করেছে দুপুরেও বন্ধ করবে না দোকান। ঠিক বেলা চারটে নাগাদ পটলার প্রবেশ রমেনের দোকানে, ঢুকেই পটলার মন্তব্য "কিরে ভালোই তো দোকান সাজিয়ে বসলি, তা আমাদের কি শুধু মুখে ফেরাবি নাকি বে? মিস্টির প্যাকেট ফ্যাকেট দে"
রমেন বলে "জানিস তো ধার করে পুঁজি জোগাড় করেছি, ওসব কোথা থেকে করবো, সকালে পুজোর প্রসাদ ছিল, এখন শুধু একটা মিস্টি খাওয়াতে পারি"
পটলা খেঁকিয়ে বললো "ওসব ছার ভাই, খাওয়াতে তো তোকে হবেই, ব্যবসা করছিস বলে কথা "
রমেন কোন উপায় না দেখে পটলাকে পাশে বসিয়ে ফিসফিস করে বললো "শোন, তোকে গোপনে একটা কথা বলছি, তুই আবার বন্ধুদের মধ্যে আলোচনা করিস না, আমি চিকেন বিরিয়ানির প্যাকেট করেছি, কিন্তু সেগুলো শুধু খদ্দেরদের জন্য, দোকানে এনে রাখিনি, তবে দোকান থেকে স্ট্যাম্প মেরে সই করে কুপন দিয়ে দিচ্ছি, ঐ হেতাল পুকুর মোড়ে যে আলিয়া বিরিয়ানির দোকান আছে ওখান থেকে কেউ খেয়ে আসছে, কেউ প্যাকেট করে বাড়িতে নিয়ে যাচ্ছে, আমার কোন ঝামেলা নেই। "
পটলার চোখ চকচক করে উঠল, বলল "তা আমি খদ্দের নই বলে আমাকে কুপন দিবি না! এই তোর বন্ধুত্ব!" রমেন কোনমতে ঢোক গিলে উত্তর দিল "তা নয়, তবে খুব কম বিরিয়ানি অর্ডার দিয়েছি তো, নেঃ তুই একটা কুপন নিয়ে যা"
পটলা বলে ওঠে "কি বলছিস, একটা মাত্র কুপন দিবি? আমার ভাইপোটার কথা ভুলে গেলি? তোর অসুবিধা বুঝতে পারছি, দুটো কুপন দে, ওতেই চালিয়ে নেব।"
অগত্যা রমেন কাগজ কেটে, স্ট্যাম্প মেরে, সই করে দুটো কুপন তৈরি করে পটলার হাতে দিয়ে বারবার কারোকে না জানাতে অনুরোধ করল।
পটলা ওকে আশ্বস্ত করে আলিয়া বিরিয়ানির পথে চলতে লাগলো।
পটলা বেরিয়ে যেতেই রমেন কাছাকাছির মধ্যে বন্ধুদের একবার ওর দোকানে আসতে বলল ফোন করে।
হেতাল পুকুর মোড়ে বেশ ভালোই করেছে এই আলিয়া বিরিয়ানির দোকান। মোটামুটি দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চিকেন, মটন, ডিম, আলু সবরকম বিরিয়ানি পাওয়া যায়। দোকানের সামনে এসেই বিরিয়ানির গন্ধে পটলার মন যেন গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। পটলা আর দেরী না করে ভেতরে ঢুকে একটা চেয়ারে গা এলিয়ে হেঁকে অর্ডার দিয়ে দিল "একটা চিকেন বিরিয়ানি টেবিলে, আর একটা পার্সেল হবে"
পটলার সামনে এক প্লেট চিকেন বিরিয়ানি এল, এরা আবার ডিম দেয় চিকেনের সাথে, আর একটু পেঁয়াজ ও শশা কুচো। পটলা আরেকটু এক্সট্রা পেঁয়াজ চেয়েও নিল, খাওয়াটা মন্দ হলো না। তবে পটলা খেতে খেতে ভাবছিল আরএকটু হলেই রমেনটা ফাঁকি দিয়ে দিচ্ছিল, কিন্তু ঠিক ব্যাটাকে ধরে ফেলেছে অভিজ্ঞ পটলা।
খাওয়া শেষ করে হাত ধুয়ে, মৌড়ি মুখে ফেলে পটলা আওয়াজ দিল "কি হলো, আমার পার্সেলটা রেডি হলো?" দোকানের কর্মচারী ক্যাস কাউন্টারের দিকে ইশারা করল। পটলা ক্যাস কাউন্টারে গিয়ে হাত বাড়াতেই ভিতর থেকে একজন একটা পার্সেল ওর হাতে দিয়ে দিলেন, আর বললেন "আপনার দুটো মিলিয়ে হয়েছে দুশো আশি টাকা, পার্সেলের এক্সট্রা কোন চার্জ নিইনি দাদা", পটলা হাসি মুখে বুক পকেট থেকে কুপন দুটো বার করে কাউন্টারে দিয়ে দিল, ভিতরের ভদ্রলোক বললেন "ও দাদা দুশো আশি টাকা দিন, কি কাগজ দিচ্ছেন?"
পটলা একগাল হেসে বলে উঠে উত্তর দিল "আরে এটা ঐ খেলার জিনিসের দোকানের কুপন, ঐ যে রমেন, ও তো পেমেন্ট করবে" কাউন্টারের ভিতর থেকে ভদ্রলোক বলেন "কি বলছেন উল্টো পাল্টা, আপনি খেলেন, আপনি নিলেন, এখন বলছেন কে রমেন পেমেন্ট করবে! কোথায় রমেন? কোথায় খেলার জিনিসের দোকান? দিন, দিন টাকা দিন"
পটলা আবার কাউন্টারে কুপন দুটো ভালো করে দেখতে বলল কিন্তু লাভ হলো না, দোকানের মালিকও কাউন্টারে হাজির ততক্ষণে। মালিক ভদ্রলোক সব শুনে বললেন "আপনার বন্ধু আপনার সাথে একটু মস্করা করেছে, আপনি এখন বিরিয়ানি দুটোর দাম মিটিয়ে বন্ধুর সাথে দেখা করে যান", অগত্যা পটলা এ পকেট, ও পকেট থেকে তিনটে একশোর নোট বেরকরে কাউন্টারে দিয়ে, কুড়ি টাকা ফেরত নিয়ে গজ্গজ্ করতে করতে চলল রমেনের দোকানের দিকে।
রমেনের দোকানে পৌঁছে দেখে রমেন, শানু, কটা, বিল্লু সবকটা দাঁড়িয়ে আছে, ওকে দেখেই ওরা হেসে কুটোপটি। পটলার আর কথা বলতে ইচ্ছে করছে না ওদের সাথে। কটা আবার চেঁচিয়ে বললো "পটল কাকা জীবনে পেথ্থম বার ভাইপোর জন্য কিছু খাওয়ার জিনিস কিনে নিয়ে যাচ্ছে, গুরু এতো বিশ্বরেকর্ড"
__________________😜__________________
😛________সত্যি ঘটনা অবলম্বনে______😝

✒️দেবপ্রিয় প্রামানিক ।

Comments