#কনেদেখা......❤️

#কনেদেখা......❤️
💕💕💕💕💕💕💕💕💕
সাগর ও প্রীতি আজ পনেরোই অক্টোবর সামনাসামনি বসে কোলকাতার এক বিখ্যাত রেস্তরাঁতে। তবে সাগরের সামনে সাজানো চিকেন তন্দুরী মশালা, মটন রেজালা ও বাটার নান।
কিন্তু প্রীতির সামনে শুধু এককাপ ব্ল্যাক কফি।
না, না ডায়েটের ধারপাশ দিয়ে কখনও যায় নি প্রীতি। ও এমনিতেই বেশ সুন্দরী ও তন্বী। তাহলে আজ কি হলো প্রীতির।
এই রহস্য উদ্ঘাটন করতে গেলে ফিরে যেতে হবে একবছর আগে, এই একই দিনে ও একই মাসে।
সাগর এম কম পাশ করে ইনকাম ট্যাক্সে খুব ভালো একটা চাকরী করছে। কিন্তু ছোট থেকেই ঠোঁট কাটা ছেলে। সোজা কথা সোজা করে বলতে ভালোবাসে কাজেই কিছু ভালো বন্ধু বান্ধবী থাকলেও প্রেম টা ঠিকঠাক করে ওঠা হয়নি ওর দ্বারা।
কারণ বেশীরভাগ মেয়েই পছন্দ করে এমন ছেলেদের যারা শুধু তার গুণকীর্তনই করে চলে।
এখন সাগরের বাবা মা একটি পাত্রী খুঁজছেন পাত্রের জন্য। কিন্তু সেখানেও সমস্যা সাগরের মেয়ে দেখতে যাওয়াতে নৈতিক আপত্তি আছে।
এই সমস্যা থেকে মুক্তি পেলেন সাগরের বাবা-মা, সাগরের পিসির এক বান্ধবীর মেয়ে আছে এবং পিসি সাগরের মা বাবা কে নিয়ে সেপ্টেম্বরের শেষেই গিয়ে দেখে পছন্দ করে এসেছেন প্রীতিকে।
প্রীতি চিরকাল ডানপিটে মেয়ে, বেশ সুন্দরী, ছিপছিপে! সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা ওর চোখ। অত্যন্ত শান্ত কিন্তু অনন্ত গভীরতা ওর চোখের মধ্যে।
একদমই রাজী নয় প্রীতি বিয়ে করতে, সে ছেলে যেই হোক। বাবা মা জোড় করছেন বলেই সেদিন শাড়ি পড়ে ও সাগরের বাবা, মা, পিসির সামনে বসেছিল কিন্তু আর নয়।
দু-পক্ষ মিলে ঠিক করলেন প্রীতি ও সাগর এক জায়গায় গিয়ে দুজনে দুজন কে দেখে নেবে সাথে কথাও বলে নেবে।
প্রীতির কাছে এ এক মহা সুযোগ, প্রীতি ঠিক করেই নিয়েছে ছেলেটির সাথে দেখা করে এসেই বলে দেবে ও ছেলে পছন্দ নয়।
দেখতে দেখতে দেখা করার দিন চলে এলো, প্রীতি এবার আর শাড়ি নয় একটা লং স্কার্ট ও থ্রি কোয়ার্টার কূর্তি পড়ে গেল ছেলেটির সাথে দেখা করতে। প্রীতির মায়ের প্রীতির মনোভাব বুঝতে বাকি রইল না।
ঠিক সন্ধ্যা ছ'টায় কোলকাতার এক বিখ্যাত রেস্তরাঁতে সামনাসামনি দুটো চেয়ারে বসে সাগর ও প্রীতি।
সাগর প্রথমে নিজের পরিচয় দিয়ে প্রীতির সাথে আলাপ শুরু করলো। প্রীতি কে জিজ্ঞেস করলো কি খাবে?
প্রীতি সেরকম কিছু বলছে না দেখে সাগর বললো
-"আজ এখানে আমরা দুজনে দুজনকে পছন্দ করতে এসেছি, এতে লজ্জা পাওয়ার কিছু নেই।"
তাতেও প্রীতির কোনো হেলদোল নেই, কি খাবে কিছুই বললো না।
সাগর বললো -"দেখো যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আমার তোমার সাথে বিয়ে হবে, আর তখন কিন্তু আমি এই দিনটাকেই আমাদের বিবাহবার্ষিকী হিসেবে পালন করবো, প্রতি বছর এই দিনে এই রেস্তরাঁ তে খেতে আসবো এবং আজ যে যা খাবে সেদিনও তাকে সেটাই খেতে হবে।"
প্রীতি একটু হেসে উত্তর দিলো -"একটা ব্ল্যাক কফি প্লিজ।"
বাড়িতে ফিরে প্রীতি কিছুতেই সাগরের উচ্ছলতাকে ভুলতে পারেনি, ভুলতে পারেনি সাগরের সেন্স অফ হিউমার।
প্রীতির মা যখন পরদিন সকালে জিজ্ঞেস করলো
" কি রে সাগরের বাড়িতে বলে দেব তো তোর ছেলে পছন্দ হয়নি!"
তখন প্রীতি বলে উঠলো -"না না, বিয়ে যখন করতেই হবে তখন......... "
নাহ এর বেশী কিছু প্রীতি বলতে পারে নি।
ওদের বিয়ে হয়েছে বাইশে জানুয়ারি।
কিন্তু ওদের প্রথম দেখা হয়েছিল আজ থেকে ঠিক এক বছর আগে।
❤️🥮🍝❤️🍛☕💕
✒️দেবপ্রিয় প্রামানিক।

Comments