#নিষিদ্ধ_গল্প

#নিষিদ্ধ_গল্প
📖📖📖📖📖📖
যদিও গল্পটা কঠোর ভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য তবুও শুরুতেই বলে রাখি যারা গল্পের চরিত্র কেউই প্রাপ্ত বয়স্ক ছিল না তখন।
সালটা ১৯৯৩ ক্লাস নাইনের ছাত্র শুভ, মনোহর দুই বন্ধু, যদিও দুজনেরই অনেক বন্ধু বান্ধব আছে তবু ওরা দুজন একে অপরের খুব কাছের।
তখনও বিশ্বায়নের হাওয়া বাংলাকে প্রভাবিত করেনি। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষনে দাঁড়িয়ে যে সব নিষিদ্ধ জিনিসগুলোর চাহিদা মোটামুটি নব্বই ভাগ ছেলের থাকে সেগুলো তখন এখনকার মতো এত সহজলভ্য ছিল না।
তখন বাজারে সবচেয়ে সহজ প্রাপ্য ছিল নিষিদ্ধ কিছু বই, নিষিদ্ধ মানে আবার বিপ্লবের বই ভেবে বসবেন না কেউ। জীবনের কিছু গোপন ক্রিয়ার রসালো পরিবেশন থাকতো ঐ চটি বইগুলোতে। বেশীরভাগ ঐ বয়সি ছেলের কাছেই ঐ বইগুলো পড়ার পরেই সংরক্ষণের জায়গা থাকতো না। এমনকি লুকিয়ে একবারেই পড়ে বইটি হয় ফেলে দিতে হতো অথবা অন্য বন্ধুকে পড়তে দিয়ে দিতে হত। অবশ্য কিছু দোকান ছিল যেখানে পুরোনো চটি বই দিলে দু-পাঁচ টাকা বা অন্য চটি বই পাওয়া যেত।
এবার অতীত রোমন্থন শেষ করে গল্পে আসি। শুভ একটা সুন্দর ছবি দেওয়া বেশ রসালো গল্প সহ চটি বই জোগাড় করেছিল সেদিন, মনোহর কে বাড়িতে ডেকে একসাথে দুজনে একটা বড় খাতার মধ্যে বইটা নিয়ে পড়ে চলেছে একমনে, উত্তেজনা উপভোগ করছে দুজনেই। এমন সময় শুভর মা ডাকলেন শুভকে, মনোহর তাড়াতাড়ি বইটি খাতার মধ্যে ঢেকে রেখে টেলিফোন টেবিলের পাশে রেখে শুভর পরেই বাইরে এল।
শুভর মা শুভকে একটি বিশেষ কাজে তাড়াতাড়ি এক দোকানে যেতে বললেন মনোহর ওর সাথেই চলল।
কাজ মিটতে বেশী সময় লাগলো না, আবার দু টাকা বাঁচলো দোকানীর সাথে দরাদরি করে। ওরা খুশি মনে এসে পাশের পানের দোকান থেকে একটা কোলকাতা পুলিশ (সিগারেটের সাংকেতিক নাম) কিনে গলিতে ঢুকে ওটা ধরিয়ে দুজনে আনাড়ি টান দিতে থাকলো।
হঠাৎ পাশের বাড়ি থেকে ক্রিং ক্রিং করে ফোনের রিং ভেসে আসছে, শুভ মনোহরকে জিজ্ঞেস করল "বইটা কোথায় রেখেছিস?"
মনোহর একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে উত্তর দিল- "ঐ তো খাতার মধ্যে ভরে ফোনের টেবিলের পাশে"
শুভ ভয়ার্ত গলায় বলে উঠল "যদি ফোন আসে, মা ফোন ধরতে এসে খাতাটা পড়ার টেবিলে সরাতে যায়!" আর কিছু কথা বলার আগেই সিগারেট ফেলে দুজনেই সাইকেল নিয়ে বাড়ির দিকে চলল।
বাড়িতে এসে শুভর বুঝতে বাকি রইল না, যা অশুভ সে ভেবেছে তাই হয়েছে! খাতাটা রয়েছে পড়ার টেবিলে, ভেতরের পাপটা নেই!
মনোহর আর দাঁড়ালো না শুধু বেরোনোর আগে বলল "কাকীমা আসছি " রান্না ঘর থেকে উত্তর এল "হুঁ".......
এরপর শুভর দুর্বিসহ সাতদিন কেটেছিল, ওর মা ওর সাথে কথা বলতেন না, খাবার থালা সামনে দিয়ে চলে যেতেন রান্নাঘরে।
সাতদিন পর শুভ কেঁদে মা কে বলেছিল "আমাকে মারো, কিন্তু কথা বল, আমি আর কখনো এসব পড়বো না "। মায়ের অভিমান ভেঙেছিল, কিছুদিন পর শুভও তার দেওয়া কথা ভেঙে আবার চটি বইয়ে মনোনিবেশ করেছিল।
বয়সসন্ধি এক আজব সময়, এক শিহরন, এক নতুন জানার হাতছানি, পদে পদে ভুল করে শেখার সময়।
এখন শুভ ও মনোহর নিজের নিজের কর্মজগতে যথেষ্ট সফল, দুজনেই নির্ভরযোগ্য স্বামী ও সন্তানের পিতা।
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
আমার প্রায় সব গল্পের মতো এই গল্পটিও বাস্তব থেকে লেখা। তবে চরিত্রের নাম গুলো কাল্পনিক।
✒️দেবপ্রিয় প্রামানিক ।

Comments