#অন্ধকারের_সোপান_পুনশ্চঃ
#অন্ধকারের_সোপান_পুনশ্চঃ
🤴👰🤴👰🤴👰🤴👰🤴👰🤴👰
আজ দিল্লি থেকে ফেরার কথা সোপান ও রিমিতার। বিকেলের ফ্লাইটে টিকিট ওদের, সব কাজ মোটামুটি শেষ, দুজনে ঠিক করল দিল্লি একটু ঘুরে এয়ারপোর্ট যাবে, সেই মতো ওরা এমন একটা জায়গায় যাওয়ার কথা ভাবলো যেটা শুধু প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে! বাহাইদের পূজাস্থল লোটাস টেম্পল বা পদ্ম মন্দির। দিল্লির অন্যান্য স্থাপত্যের তুলনায় খুব পুরোনো না হলেও ২৪ ডিসেম্বর ১৯৮৬ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত এই মন্দির।
সকালে জলখাবার খেয়ে ওরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল লোটাস টেম্পলের উদ্দেশ্যে। গাড়ি নির্দিষ্ট স্থানে রেখে ড্রাইভারের দায়িত্বে জিনিস পত্র রেখে ওরা সুবিশাল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করল। চোখ ও মন দুই জুড়িয়ে যায় এই মন্দিরে এসে। দুধ সাদা পদ্মের পাপড়ির সমাহারে তৈরী মন্দিরের উপাসনালয়। যা সর্ব জাতি, ধর্ম ও বর্ণের মানুষের জন্য উন্মুক্ত।
সোপান আজ চেয়ারম্যানের খোলস ছেড়ে বেরিয়ে আসা এক সাধারণ মানুষ।
সোপান হঠাৎ রিমিতাকে প্রশ্ন করে -" আমার সঠিক পরিচয় যদি অন্য কিছু হয় তাহলেও তুমি এভাবেই পাশে থাকবে?" সোপান কে নিয়ে রিমিতা এতবার অবাক হয়েছে যে ওর এরকম কথায় ওর আর চমক লাগেনি। রিমিতা জানতে চাইছিল সোপানের এই প্রশ্নের কারণ। সোপান ওকে কথা দিল কোলকাতায় ফিরে ওকে ওর বাবা-মায়ের সাথে দেখা করাবে তখন এই প্রশ্নের ব্যাখ্যা ও দেবে রিমিতাকে।
রিমিতার মনে একটু হলেও আশঙ্কার কালো মেঘ জমলো।
সন্ধ্যায় কোলকাতার মাটিতে নামলো এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭..... এরপর এয়ারপোর্ট থেকেই সোপান ও রিমিতার আলাদা গাড়িতে নিজের নিজের বাড়িতে ফেরা।
বাড়িতে ফেরার সোপানের আজ তাড়াতাড়ি ছিল কারণ সোপান জানত ওর বাবা-মা মুম্বই থেকে আজ সকালেই কোলকাতা এসেছেন এবং ওদের কোলকাতার বালিগঞ্জের বাড়িতেই আছেন। সোপানের বাবা বিখ্যাত ব্যবসায়ী শ্রী সুদীপ রায় ও মা শ্রীমতী মোহর রায়।
সোপান বাড়িতে ফিরতেই বাড়িতে খুশির বন্যা, অনেকদিন পর একসাথে তিনজন রাতের খাবার খেতে বসল। খাবার টেবিলে ওরা কখনই অফিস ব্যবসা এসব নিয়ে কথা বলে না। আজ কিন্তু সোপান অফিসের কথা তুলল এবং রিমিতার কথাও। রিমিতা যে শুধু মাত্র আর অফিসের কর্মী নয় সেটাও বাবার কাছে অকপটে স্বীকার করল।
মা একটাই প্রশ্ন সোপানকে করলেন -"তুমি সব কিছু মেয়েটিকে জানিয়েছ? ওকে অন্ধকারে রেখে সম্পর্কটা এগিও না!আমরা যেমন তোমাকে অন্ধকারে রাখিনি তেমন তুমিও ওকে অন্ধকারে রেখো না।" সোপান মাথা নামিয়ে নিল, মৃদু স্বরে বলল আগামী পড়শু রবিবার রিমিতাকে বাড়িতে ডাকবে, তখনই তিনজনে একসাথেই রিমিতাকে সব জানাবে।
পরদিন শনিবার, রিমিতা অফিস গেলেও সোপান যায়নি, শনিবার এমনিতেই অফিস তাড়াতাড়ি ছুটি তাই দুপুরেই ফোন করে রিমিতার থেকে সব খবর জেনে নিল এবং প্রয়োজনীয় নির্দেশ দিল, সাথে আগামী কাল দুপুরে নিজের বাড়িতে, নিজের বাবা মায়ের সাথে পরিচয় করানোর ও খাওয়ার নিমন্ত্রণ করল সোপান।
রিমিতা খুশি হলেও একটা আশঙ্কার মেঘ ওর মন থেকে সরছে না, ওর নিজের ভাগ্যের প্রতি বিশ্বাস নেই। ও বুঝতে পারছে সোপান একটা কিছু বলতে চেয়েও বলতে পারছে না। দিল্লির ঐ মন্দির থেকেই যেন একটা অদ্ভুত দূরত্বে চলে যাচ্ছে সোপান রায়।
আজ রবিবার, রিমিতা বাড়িতে কিছুই বলেনি, অবশ্য বাড়িতে ওর সাথে নিজের মত করে কেউ গল্পও করে না। অফিসের এক সহকর্মীর বাড়িতে নিমন্ত্রণ বলে রিমিতা বেরিয়েছে।
বেলা সাড়ে বারোটা নাগাদ রিমিতা ট্যাক্সি সোপানদের বাড়ির সামনে ওকে নামিয়ে দিল। সোপান ওকে ভিতরে নিয়ে গিয়ে বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। সবাই ওদের বসার ঘরে একসাথে বসে অফিস, রিমিতার বাড়ি এসব নিয়ে আলোচনা করতে লাগল।
সোপানের মা একটু পর রিমিতাকে বললেন -"তোমাদের নতুন সম্পর্কটা আমরা জানি কিন্তু তোমার কিছু জানা দরকার আমাদের সম্পর্কে, যেটা সোপান তোমাকে বলে নি বা বলতে পারেনি। অবশ্য আমরাও ওকে আগেই নিষেধ করছিলাম বাইরের কেউ যেন ব্যপারটা না জানে! তুমি যদি আমাদের সংসারের একজন হও সেটা সব জেনেই হবে"
রিমিতা অবাক হয়ে তাকলো সোপানের দিকে, সোপান নিজেকে একটু সামলে নিয়ে রিমিতার দিকে চেয়ে বলল -"আমার মা তোমাকে যে কথাটার উল্লেখ করলেন সেটা আমার থেকে বিস্তারিত শোন, তারপর তুমি ঠিক করবে আমার সাথে বাকি জীবনটা স্ত্রী হিসেবে কাটাবে কিনা, তবে তোমার মতামত যাই হোক তার প্রভাব তোমার চাকরীর উপর কখনই পড়বে না!
আমার জন্ম আজ থেকে ত্রিশ বছর আগে, জন্মদাত্রী মা মারা যান আমার জন্মের পরেই, সেই অর্থে আমার জন্মদাতা পিতার কোন খোঁজ নেই। সমাজে যাদের বেশ্যা বলে লোকে জানে এরকমই একজন অসহায় নারীর গর্ভের সন্তান আমি, ঐ অসহায় নারী যখন নিজের সন্তানের প্রাণ বাঁচাতে বোম্বের ঐ নরক থেকে পালিয়ে যাচ্ছিলেন তখন আমার এই ভগবান তুল্য পালিত পিতার গাড়ির সামনে এসে পড়েন এবং অজ্ঞান হয়ে যান, তারপর মিঃ রায় ওনাকে গাড়িতে তুলে নিজের পরিচিত এক ডাক্তারের নার্সিংহোমে নিয়ে যান, তার কয়েকদিন পর আমার জন্ম এবং আমার জন্মদাত্রী মায়ের মৃত্যু হয়। এরপর থেকে আমি এনাদের কাছেই পুত্র স্নেহে বড় হয়েছি, পড়াশোনা করেছি, আমার উনিশ বছর বয়সে এই সত্যের সাথে পরিচিত করেন আমার পালক পিতা মাতা, যাতে কখনও আমার অন্য কারও কাছ থেকে এই সত্য জানতে না হয়।
কোলকাতাতে এই সত্যটা আমাদের পরিবারের বাইরে একমাত্র তুমি জানলে! এবার তোমার মতামত নেওয়ার পালা, তবে সেটা এখনই জানাতে হবে এমন নয়, বাড়িতে গিয়ে বড়দের সাথে কথা বলেও জানাতে পারো।" সুদীপ রায় ও মোহর দেবী কখন উঠে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে ফেলেছেন খেয়াল নেই সোপান ও রিমিতার। ডাক এল খাওয়ার।
খাওয়ার পর রিমিতাকে নিয়ে নিজের লাইব্রেরিতে নিয়ে গেল সোপান।
রিমিতার মনে গত দুদিন থেকে যে আশঙ্কার মেঘ ছিল তা কেটে গেছে, ওর মন আজ শরতের সিগ্ধ আকাশ, রিমিতা সোপান কে বলল -"আপনাকে কয়েকটা কথা বলার আছে, আমাকে যখন বিয়ে করবেন ঠিক করলেন তখন আমার পিতৃপরিচয় তো আপনি জিজ্ঞেস করেননি! আপনার মতো জন্মবৃতান্ত তো আমারও থাকতে পারতো! তখন কি করতেন?"
রিমিতার প্রশ্নে বিহ্বল হয়ে সোপান উত্তর দিল "আমার তোমাকে ভালো লেগেছে, তোমার আচার, ব্যবহার, কাজের প্রতি নিষ্ঠা ভালো লেগেছে, আর কিছু জানার প্রয়োজন আছে বলে মনে করি না!"
রিমিতা সোপানের চোখে চোখ রেখে বলল "তাহলে আমি কেন তোমার জন্মের ইতিহাস নিয়ে ভাববো? আজ থেকে তোমার ঐ ইতিহাস আর কারোরই জানার প্রয়োজন নেই, এমনকি আমার বাড়িতেও নয়। আমিও এরপর শুধুই মিঃ সুদীপ ও মোহর রায়ের একমাত্র সন্তান সোপান রায়ের বধূ হয়েই এই বাড়িতে আসব।" সোপান রিমিতার হাতে কখন অজান্তেই হাত রেখেছে.... রিমিতা হেসে বলল -"আজ চলি, অফিসের কিছু কাজ বাড়িতে নিয়ে গিয়েছি সেগুলো শেষ করতেই হবে, কাল চেয়ারম্যান সাহেবের কাছে কাজগুলো জমা দিতে হবে, উনি আবার কাজে ফাঁকি পছন্দ করেন না!".....
❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️
✒️দেবপ্রিয় প্রামানিক ।
Comments
Post a Comment