এটাই পথ

#রহস্যগল্প
♣️♣️♣️♣️♣️
#এটাই_পথ
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️  
    দেবপ্রসাদ সরকার, পরিচিত মহলে দেববাবু। শিক্ষিত মানুষ,শোনাযায় কলেজ জীবনে অতি বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন, বিভিন্ন জায়গায় পথনাটক করে প্রতিবাদে সামিল হতেন। অবশ্য চাকরি পাওয়ার পর সে সবে ছেদ পরে। 
          চাকরি করতেন ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে। এখন অবশ্য অবসর যাপন। বাড়িতেও আর কেউ নেই, স্ত্রী বুকভরা হাহাকার নিয়ে হৃৎস্পন্দন থামিয়ে চলে গেছেন আজ প্রায় দুই বছর হল।
ওনাদের একমাত্র মেয়ের ছবি টিভির পাশেই, বড় আদরের মেয়ে দীপশিখা, ডাকনাম মাম্পি।
            বাড়িতে সারাদিন টিভি দেখেই কাটে দেববাবুর, সেদিন ছিল মে মাসের এগারো তারিখ, এই লকডাউনের মধ্যে বসে বসে টিভিতে খবর দেখছেন দুপুরে খাওয়ার পর।  আজকাল আর কোন ভালো খবর নেই, করোনার প্রকোপ বাড়ছে আর বাড়ছেই, এর মধ্যেই আবার সন্দেহ জনক মৃত্যু একই বাড়ির চারজনের, বাবা-মা, তাদের ছেলে ও তার বৌ। পাড়া প্রতিবেশীর সন্দেহ সব করোনাতে গেছে, পুলিশ খুব সাবধানে দেহগুলো মুড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, বার বার ঐ একই ছবি দেখাচ্ছে সব চ্যানেলই। দেহ গুলোর দাবীদারও নাকি কেউ নেই। পাড়ার লোকের চাপে পৌরসভার লোকজন তখনই  ঐ বাড়ির ভিতর বাইরে স্যনিটাইজ করে দিয়েছে, তখনই তালাবন্ধ করেছে পুলিশ সকলের সামনেই। 
          মৃতদের নাম বলছে খবরে, বাড়ির মালিক সনাতন বিশ্বাস, তার স্ত্রী সর্বজয়া বিশ্বাস, তাদের পুত্র বছর চল্লিশের সনত বিশ্বাস ও পুত্রবধূ কাকলি বিশ্বাস। এরকম মৃত্যু নিয়ে বেশকদিন যে সংবাদ মাধ্যমে জলঘোলা হবে দেববাবু তা বুঝতে পারছিলেন।
          ওনার ধারণা মিলে গেল, ঠিক তাই হলো, সন্ধ্যা থেকেই বিভিন্ন চ্যানেলে শুরু হল আলোচনা, একই সাথে এক পরিবারের সকলেই করোনা আক্রান্ত হতে পারে?
হলেও মৃত্যু এক রাতেই?
পুলিশ অবশ্য জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট না পেলে এ ব্যাপারে মুখ খুলবে না তারা। বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন। কেউ বলছেন সুইসাইড, কেউ বলছেন মার্ডার, কারও মতে খাদ্যে বিষক্রিয়া, আর করোনা বলে তো বসেই আছে পাড়া প্রতিবেশী। পুলিশের বক্তব্য ঐ বাড়ি থেকে খুনের বা আত্মহত্যার কোন স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। লকডাউনের জন্য কাজের লোকও ঐ বাড়িতে আসত না যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু সুত্র পাওয়া যাবে। জটিল থেকে জটিলতর হচ্ছে ব্যাপারটা। দেববাবু নজর রাখছিলেন এই খবরের উপর। বিভিন্ন চ্যানেল, ইন্টারনেটে বিভিন্ন খবরের কাগজ সবেই কয়েকদিন পর চাপা পরে গেল খবরটা।
           এরপর আমফানের ঝড়ের খবর, ক্ষয়ক্ষতি এসব খবরের ফাঁকে কখন যেন হারিয়ে গেল টিটাগড়ের এই চারজনের মৃত্যুর খবর।
             লকডাউন একটু আলগা হতেই দেববাবু একদিন হাজির টিটাগড় থানাতে। অবশ্য সাংবাদিক পরিচয়ে, জানতে চাইলেন চারজনের মৃত্যুর কারণ সম্পর্কে। পুলিশ অফিসার ব্যস্ততার মধ্যে জানিয়ে দিলেন হার্ট অ্যাটাক, লাং কাজ না করলে হার্ট তো বন্ধ হয়ে যাবেই। তবে যাই হোক মৃত্যুর কারণ ঐ হার্টফেল। সাথে পুলিশ অফিসারের সাবধান বাণী -"এই লাং ফাং বলে কোথাও লিখে আবার ঝামেলা পাকাবেন না, রিপোর্টে কিন্তু পরিস্কার লেখা আছে কার্ডিয়াক ফেলিওর"
             দেবপ্রসাদ সরকার বাড়িতে ফিরে অনেক চিন্তা ভাবনা করে ইন্টারনেট ঘেঁটে পশ্চিমবঙ্গের সবচেয়ে নামী খবরের কাগজের ইমেল আইডি জোগাড় করলেন, এরপর শুরু করলেন একটি মেল টাইপ করা, বাংলাতে টাইপ করতে একটু অসুবিধা হলেও চালিয়ে গেলেন টাইপ।

মাননীয়, 
মহাশয়,
     আমি দেবপ্রসাদ সরকার,
ঠিকানা : ৩০নং রামকৃষ্ণ সরণী, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা।
        আমি বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে দেখেছি ও শুনেছি গত ১১/০৫/২০২০ টিটাগড় থানার মঠ পাড়াতে একই পরিবারের চারজনকে পুলিশ মৃত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে অনেক আলোচনা হলেও মৃত্যুর কারণ হার্টফেল বলেই জানা যায়, আমি নিজে আজ সকালে টিটাগড় থানাতে গিয়ে সশরীরে উপস্থিত হই এবং ঐ পরিবারের মৃত্যুর কারণ জানতে আগ্রহী হই। সেখানেও আমাকে জানানো হয় মৃত্যুর কারণ ঐ কার্ডিয়াক ফেলিওর।
           এখানে আমার প্রশ্ন একই পরিবারের সকলের একই সাথে হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল?
এখানে কি কোন মারণ ভাইরাসের তত্ত্ব আছে?
আপনারা অর্থাৎ সংবাদ মাধ্যম এই সব প্রশ্ন কিন্তু একবারও আর তুললেন না! অবশ্য আপনারা এখন ব্যস্ত, ঝড়ের পর কে কত সাহায্য করছে এই ব্যাপারে।
          আমি নিজে খোঁজ খবর করে এই মৃত্যু রহস্যের কিনারা করেছি।
বছর দশেক আগে এই পরিবারের একমাত্র ছেলে অর্থাৎ সনত বিশ্বাস চাকরি পায় এক সরকারি স্কুলে, সেই বছরেই তার বিবাহ দেন এই বিশ্বাস পরিবার। তার একবছরের কিছু পরেই ঐ পুত্রবধূ আত্মহত্যা করে। বিশ্বাস পরিবারকে যদিও পুলিশ ধরে কিন্তু কোনভাবেই প্রমাণ হয় না ঐ পরিবারের কেউ ঐ বধূর আত্মহত্যায় প্ররোচনাকারী বা হত্যাকারী। বিশ্বাস পরিবার প্রথমে জামিনে ও পরে পুরোপুরি ছাড়া পেয়ে যায়,পুলিশ তদন্ত করে কিছুই প্রমাণ বার করতে পারে না যে ঐ বধূর আত্মহত্যা বা হত্যায় বিশ্বাস পরিবারের কেউ জড়িত ছিল। তবে ঐ বধূর পিতৃগৃহে সকলেই বুঝতে পারে সে অকারণে আত্মহত্যা করেনি! সনতের অনেক দোষ ছিল, শিক্ষক পদের কলঙ্ক সে, জুয়া খেলা তো ছিলই সাথে ছিল অনেক নারীসঙ্গ। বর্তমান স্ত্রী কাকলি ওরই এক বন্ধুর স্ত্রী ছিল, কাকলির সাথে বিয়ের আগে থেকেই খুব ঘনিষ্ঠ সম্পর্ক সনতের, কাকলির স্বামী অর্থাৎ সনতের সেই বন্ধুও নাকি আত্মহত্যা করে হঠাৎ করে। তারপর সনত বিয়ে করে কাকলিকে। কাকলির আগের বরের বিরাট দোকান এখন বিশ্বাস পরিবারের সম্পত্তি।
       এবার বলি কি করে এই পরিবারকে হত্যা করা হল। 
সনতের আগের শ্বশুর সাইকেল করে গত ১০/০৫/২০২০ তে ছানা ও পনীর বিক্রেতার ছদ্মবেশে ওদের বাড়িতে যান এবং আমূল পনীরের মতো টুকরো করা পনীর এবং কম দামে বিক্রি করতেচান, সর্বজায়া ছানা না নিলেও বেশ খানিকটা পনীর কেনেন। ছদ্মবেশী ঐ পনীরে বিষমিশ্রিত করেই নিয়ে গিয়েছিলেন। বিষের মিশ্রনটি ইনজেকশন করে প্রতিটি পনীরের টুকরোর ভিতরে প্রবেশ করিয়েছিলেন সনতের প্রাক্তন শ্বশুরমশাই। যাতে খুব ভালো করে পনীর ধুয়ে নিলেও বিষের কার্যকারিতা না কমে যায়। যারা একটু বিষ নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন বাট্রাকোটক্সিন কি মারাত্মক বিষ। কয়েক ঘন্টায় মানুষের হার্টকে নিস্তেজ করে দেয় অ্যামাজনের ব্যাঙের চামড়া থেকে প্রাপ্ত এই বিষ। খুব ভালো করে ময়নাতদন্ত না হলে প্রমাণ করা যাবে না এই বিষের উপস্থিতি। সবচেয়ে বড় সুবিধা এই বিষের প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। ঠিকঠাক প্রয়োগ করতে পারলে প্রাণে বাঁচার কোন সুযোগ নেই। 
            কম দামে পনীর পেয়েছে শাশুড়ি, খুশি হয়ে কাকলি ঠিক করে চিলি পনীর বানাবে, রাতে কাকলির বানানো চিলি পনীর ও রুটি ছিল সকলের শেষ নৈশভোজ।
এবার আপনারা জানতে চাইবেন আমি কি করে জানলাম এত কিছু! কখন করলাম এত তদন্ত!
এবার তাহলে জানতে হবে আমি কে? আমি সেই হতভাগ্য পিতা!
        হ্যাঁ, আমার একমাত্র কন্যা দীপশিখা ছিল ঐ অমানুষ সনতের প্রথম স্ত্রী। একটু কালো ছিল আমার মাম্পি, এটাই ছিল ওর দোষ। আমি বারংবার অনেক টাকা মেয়ের শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে এসেছি যাতে ওরা আমার মাম্পিকে সুখে রাখে কিন্তু ঐ জল্লাদরা ওদের ছেলের লাম্পট্য কে প্রশয় দিয়েছে দিনের পর দিন। এরপর যখন মাম্পির শাশুড়ি ওকে দিনে একবারের বেশি খেতে দেওয়া বন্ধ করে দিল তখন ও আমাদের কাছে ফিরে আসতে চাইলো আর সেদিন দুপুরেই নাকি ও আত্মহত্যা করল। আমি জানি না আমার মেয়ে আত্মহত্যা করেছিল নাকি খুন হয়েছিল, পুলিশ বলেছিল আত্মহত্যা। তবে এটা জানি ওর মরার জন্য ঐ পরিবার দায়ী একশো ভাগ।
              পুলিশ তদন্ত করেছিল কিন্তু বিশ্বাস পরিবার জানায় আমার মেয়ের বিভিন্ন রোগ ছিল এবং সেই কারণেই আত্মহত্যা করেছিল। মামলা চলে প্রায় সাত বছর কিন্তু প্রমাণ হয়নি কিছুই, যেমন আজ আমি স্বীকার না করলে এই পরিবারের মৃত্যুর কারণও প্রমাণ হবে না।
         আপনারা সংবাদ মাধ্যমের লোকেরা পুলিশকে জানান আমার কথা, আমি কোর্টেও স্বীকার করব আমিই খুনি, আমিই সেই লোক যে ওদের বাড়িতে দশ তারিখ সকালে সাইকেল করে গিয়ে পনীর বিক্রি করে এসেছিলাম কিন্তু কোথাও কোন প্রমাণ নেই আমার খুন করার। আমার আরো সুবিধা হয় ওরা জানতো কাজের লোক আসবে না তাই রাতেই রান্না ঘর পরিষ্কার করে খাওয়ার পর বাসন মেজে শুতে যায়। 


তার ঘন্টা দুয়েক পরেই হয়তো ওরা আর জীবিত ছিল না।
          পাড়ার লোকের করোনা নিয়ে হইহল্লাতে ফরেন্সিক টেষ্টের সব কিছু হয়তো পুলিশ সংগ্রহ করতে পারেনি। করোনার ভয়ে ঐ বেওয়ারিস লাশ গুলো হয়তো পুলিশ সংরক্ষণও করেনি। না হলে পুনঃরায় কোন অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ দিয়ে ময়নাতদন্ত করালে ওদের প্রত্যেকের হার্টে ও পাকস্থলিতে বাট্রাকোটক্সিন পাওয়া যেত।
       আমি অনেক কষ্টে অনেক অর্থ ব্যয়ে ঐ বিষটা জোগাড় করেছিলাম আমার অন্তরের তীব্র বিষের জ্বালা একটু জুড়োতে। যাক বিষটা  পুরোটা কাজে লাগিয়ে দিয়েছি, আর আমার সাথ দিল এই লকডাউনের সুযোগ। জানতাম সঠিক ভাবে ময়নাতদন্ত এখন হবে না। আমি ধরাও পরবো না। পুলিশ যে সব তদন্ত সবসময় সঠিক ভাবে করতে পারে না এটাও প্রমাণ করার ছিল তাই এই খুনকে এই খুনের খুনি হয়েও সামনে আনলাম।
আমার ভুল ছিল মেয়েকে বাড়িতে ফিরিয়ে না নিয়ে গিয়ে ঐ শয়তানদের টাকা দিয়ে সুখ কিনতে চেষ্টা করা।
আমি বাড়িতেই রইলাম। পুলিশ আসতেই পারে কাল।

নমস্কার নেবেন

দেবপ্রসাদ সরকার
নৈহাটি। উত্তর চব্বিশ পরগনা। 
-------------------------------------------
          অনেকদিন পর একটানা লম্বা নিশ্চিন্ত ঘুমিয়ে উঠলেন দেব বাবু। সারারাত কম্পিউটারটা চলছিল। মেল বক্স চেক করলেন, কাল যে মেল পাঠিয়েছেন তার উত্তর কিছু এল কিনা! কেউ তো কলিংবেলটাও বাজালো না এখনও!
         একটি মেল এসেছে, ওনার মেলেরই রিপ্লাই,নামী সংবাদ পত্রের অফিস থেকেই, কয়েক লাইন লেখা বাংলাতেই...... 
মাননীয়,
দেবপ্রসাদ বাবু,      
           আপনার চিঠি পড়ে সারারাত চিন্তা করে রিপ্লাই দিচ্ছি, আপনি সমাজ সেবা করুন, আপনার মতো অনেক দুঃখি বাবা-মায়ের চোখের জল মোছানোর চেষ্টা করুন, আপনার পাঠানো মেলের রিপ্লাই দিয়ে চিরতরে ডিলিট করে দিচ্ছি, ঐ বিশ্বাস পরিবারের চারজনের মৃত্যুর ব্যাপারে পুলিশ যা বলছে আমি সেটাই বিশ্বাস করি। ওরা কোন অসুখেই হার্ট ফেল করে মরেছে।কি করব বলুন আমি নিজেও যে এক কন্যার বাবা! 
সব ভুলে নতুন করে শুরু করুন। পুলিশকে অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয় তাই কিছু ভুল, কিছু দোষ তো থেকেই যায়। 
তবে আমি একজন হলেও তো জানলাম পুলিশের অক্ষমতা। আর কেউ নাইবা জানলো! 
নমস্কার। 
🎭🎭🎭🎭🎭🎭🎭🎭🎭
✒️দেবপ্রিয় প্রামানিক।

Comments